বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

এমপিদের মোবাইল হ্যাক ও প্রতারণা নিয়ে চিফ হুইপের সতর্কবার্তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

সংসদ সদস্যদের মোবাইল ফোন হ্যাক, ভয়েস ক্লোন এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বর্তমানে প্রতারক চক্র এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে খোদ আইনপ্রণেতাদের মোবাইল নম্বর ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন দপ্তরে ও ব্যক্তির কাছে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে চিফ হুইপ বলেন, সংসদ সদস্যদের মোবাইলে ২৫ হাজার টাকা পাঠানোর মতো প্রতারণামূলক এসএমএস আসার বহু নজির ইতোমধ্যে পাওয়া গেছে। এই ধরনের অপতৎপরতা শুধু ব্যক্তিপর্যায়ের প্রতারণা নয়, বরং এটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে সাইবার অপরাধের মাত্রা যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন চিফ হুইপ। তিনি উল্লেখ করেন, প্রতারক চক্র ভয়েস ক্লোনিং প্রযুক্তির অপব্যবহার করে অত্যন্ত সুকৌশলে জালিয়াতি চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় যেকোনো সন্দেহজনক বার্তার সত্যতা যাচাই না করে লেনদেন বা সাড়া না দেওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। সংসদ সচিবালয় এবং সাইবার সেল যৌথভাবে এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে বলেও জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD