মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

এবার শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন ক্রিকেটারদের স্ত্রীরা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৮:২৮ পূর্বাহ্ণ

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং অস্থিরতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছিলেন ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ক্রিকেটারদের স্ত্রীরাও।

বৃহস্পতিবার (১৮ জুলাই) নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর স্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন।

দুটি প্রার্থনার ইমোজি দিয়ে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি লিখেছেন, পাখির মতো মানুষ মারা হচ্ছে, এ কেমন দেশ! আল্লাহ আপনি একমাত্র উত্তম পরিকল্পনাকারী, সাহায্যকারী। সব সন্তানদের তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিন।

মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি কোটা আন্দোলনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল ব্যবহৃত হ্যাশট্যাগগুলো পোস্ট করেছেন।

এ ছাড়াও মিরাজের স্ত্রী রাবেয়া প্রীতি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে চলমান কোটা আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবার একটি মন্তব্য লেখা। যেখানে তিনি আর্তনাদ করে বলেছিলেন, ‘আর কে চাল কিনে দেবে? টিউশনের টাকা না পাঠালে তো বাসায় না খেয়ে থাকতে হতো।’

অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত’র স্ত্রী সাবরিনা সুলতানা রত্না একটি ছবি শেয়ার দিয়েছেন। যেখানে লেখা ‘সেভ আওয়ার স্টুডেন্টস।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েকদিন ধরে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশ ও সরকারী অঙ্গ সংগঠনগুলোর।

যদিও এসব সংঘাতে নিহত ও আহতের সুস্পষ্ট সংখ্যা জানা যাচ্ছে না। এখন পর্যন্ত কমপক্ষে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD