রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

একদিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১:৫৬ pm

দেশে ডেঙ্গু প্রকোপ আকার ধারণ করেছে। এতে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭৭ জনে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪ জন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৫৩ এবং ঢাকার বাইরের ৮৪১ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন, ঢাকার বাইরের দুইজন।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন চার হাজার ১২৪ জন ডেঙ্গুরোগী।

চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ ৫ হাজার ৭৯২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৬ হাজার ৫২৪ জন, আর ঢাকার বাইরের এক লাখ ৯৯ হাজার ২৬৮ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৯১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৪ হাজার ৪৯৫ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯৫ হাজার ৫৯৬ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD