কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক ইউপি মেম্বার নুরুল আমিনকে বেধড়ক মারধর ও এলোপাতাড়ি কুপিয়েছে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে এবং রাজনৈতিক আক্রোশ থেকে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হামলাকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিএনপি নেতা নুরুল আমিনের ওপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার মাথায় দুটি ও ঠোঁটে একটি ধারালো অস্ত্রের গভীর কোপ দেওয়া হয়।
হামলার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ওই বিএনপি নেতা মৃত্যু পথযাত্রী বলে মনে করছেন চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তারা।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
আরববাংলা টিভি