দেশের বিভিন্ন অঞ্চলে রাতের আঁধারে ভেকু মেশিন ও এক্সকাভেটর ব্যবহার করে নির্বিচারে মাটি কাটার মহোৎসব চলছে। অপরিকল্পিতভাবে মাটি কাটার এই কর্মকাণ্ডের ফলে একদিকে যেমন আবাসিক এলাকাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে, অন্যদিকে দ্রুত কমে যাচ্ছে উর্বর কৃষিজমি এবং মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন। দীর্ঘদিন ধরে এই অরাজকতা চললেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে।
ঝিনাইদহের কালীগঞ্জ প্রতিনিধি গণমাধ্যমকে জানান, কালীগঞ্জ উপজেলায় রাতের আঁধারে চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটার উৎসব চলছে। প্রভাবশালী চক্রের ইন্ধনে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরবর্তী জনবসতি হুমকির মুখে পড়েছে। স্থানীয় কৃষকদের বারবার প্রতিবাদ সত্ত্বেও থামছে না এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
পরিবেশবিদরা বলছেন, যেভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে, তাতে দীর্ঘমেয়াদে দেশ খাদ্য নিরাপত্তার সংকটে পড়তে পারে। অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জোরালো অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি। অন্যথায় পরিবেশ ও প্রকৃতির ওপর অপূরণীয় ক্ষতি ডেকে আনবে এই বেপরোয়া কর্মকাণ্ড।
আরববাংলা টিভি