মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

আশুলিয়ায় মিটার চুরির চক্রের দুজন গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ণ

সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় গড়ে উঠেছে একটি সংঘবদ্ধ বৈদ্যুতিক মিটার চোরচক্র। এই চক্রটি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে সুকৌশলে বিদ্যুতের প্রিপেইড ও পোস্টপেইড মিটার খুলে নিয়ে যেত। এরপর মিটারের গায়ে বা ঘটনাস্থলে একটি চিরকুট ফেলে রেখে যেত, যেখানে উল্লেখ থাকত একটি বিকাশ নম্বর। ওই নম্বরে নির্দিষ্ট পরিমাণ টাকা মুক্তিপণ হিসেবে পাঠানো হলে তবেই মিটার ফেরত দেওয়া হবে বলে শর্ত জুড়ে দিত তারা। এমন অভিনব কায়দায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছিল চক্রটি।

এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ-১। আশুলিয়া থানার অন্তর্গত ঘোড়াপীর মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযকালে তাদের কাছ থেকে চুরি হওয়া বেশ কিছু বৈদ্যুতিক মিটার ও অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম। তিনি গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD