ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর সততা থাকলে যে শূন্য থেকেও সফলতার শিখরে পৌঁছানো সম্ভব, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সন্তান আব্দুর রহমান হাজারী। অর্থনৈতিক অসচ্ছলতা আর পারিবারিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবনের শুরুতেই কঠোর সংগ্রামের মুখোমুখি হতে হয়েছিল তাকে। তবে শত প্রতিকূলতাও তাকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারেনি।
শুরুতে চরম অভাবের সংসার থাকলেও নিজের মেধা এবং নাছোড়বান্দা মনোবলের জোরে তিনি আজ সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিলে তিলে গড়া তার ব্যবসা এখন বিশাল আকার ধারণ করেছে। বর্তমানে তার মালিকানাধীন রয়েছে তিনটি সুপ্রতিষ্ঠিত কারখানা। এই কারখানাগুলোর মাধ্যমে এলাকার ২১৫ জন বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছে।
সাংবাদিকদের বলেছেন, জীবনের প্রথম দিনগুলোতে পেটে ভাত জোটাতেই হিমশিম খেতে হতো। তবে সততা ও নিষ্ঠাকে পুঁজি করে তিনি পথ চলা শুরু করেছিলেন। আজ তার এই সাফল্য কেবল নিজের পরিবারের জন্যই নয়, বরং পুরো এলাকার যুবসমাজকে অনুপ্রেরণা জোগাচ্ছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে বেকারত্ব দূরীকরণে এ ধরনের ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত কারখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। স্থানীয় বিশিষ্টজনরাও তার এই কর্মপ্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন এবং আগামী দিনে তার ব্যবসায়িক পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন।
আরববাংলা টিভি