সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

অধিক্ষেত্র বহালের দাবিতে নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের প্রচলিত অধিক্ষেত্র বহাল রাখা, পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষাসহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নিকাহ রেজিস্ট্রার বা কাজীগণ তাদের পেশাগত নানা জটিলতা ও অধিকার হীনতার শিকার হয়ে আসছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, নিকাহ রেজিস্ট্রারদের কাজের নির্দিষ্ট অধিক্ষেত্র বা এলাকা পরিবর্তন বা কমানোর কোনো ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে মাঠ পর্যায়ে মারাত্মক প্রশাসনিক ও সামাজিক জটিলতার সৃষ্টি হবে। তাই অবিলম্বে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্বের প্রচলিত অধিক্ষেত্র বহাল রাখতে হবে।

নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আগত নিকাহ রেজিস্ট্রাররা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা বলেন, পেশাগত নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করতেই আজকের এই লাগাতার কলম বিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।

পরে আন্দোলনকারী নিকাহ রেজিস্ট্রারদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে শুনেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংবাদকর্মীদের জানান আয়োজকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD