রাজধানীর কাওলায় অবস্থিত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের সুধী সমাবেশে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সমাবেশস্থলটি শুরু হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। এ সময় তাদেরকে মাথায় ক্যাপ, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। দুপুরের পর সমাবেশস্থল ভরে গেছে।
সমাবেশকে ঘিরে রাজধানীর বিমানবন্দর ও কাওলা এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। সেই সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন রয়েছে।
সমাবেশস্থলে প্রবেশের প্রতিটি পথেই পুলিশ সদস্যরা টহলে রয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। নেতাকর্মীসহ সমাবেশের বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করছে গোয়েন্দা সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সমাবেশকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর গোলচত্বর থেকে সমাবেশস্থল পর্যন্ত তিন-চার লেয়ারে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
উল্লেখ্য, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত ৭ অক্টোবর সমাবেশটি হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়া বিবেচনায় কর্মসূচি এক সপ্তাহ পেছানো হয়।