শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ওমরাহ পালন করলেন ব্রাজিলিয়ান ফুটবলার কাতেলেন সুজা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

ব্রাজিলের জাতীয় দল, ইউরোপের শীর্ষ ক্লাবের পর সৌদি আরবের ফুটবলেও আলো ছড়ানো ডিফেন্ডার কাতেলেন সুজা ফেইতোজা। এবার নতুন এক কারণে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন এই তারকা ফুটবলার। ইসলাম গ্রহণের পর পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ৩০ বছর বয়সি এই ব্রাজিলিয়ান নারী ফুটবলার। ১৯ নভেম্বর মক্কায় গিয়ে ওমরাহ পালন করার পর তিনি গণমাধ্যমকে জানান তার ইসলাম গ্রহণের পেছনের অনুভূতি ও আধ্যাত্মিক যাত্রার গল্প।

সৌদি আরবের উইমেনস প্রিমিয়ার লিগে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পান তিনি। ইসলাম ধর্মের অনুসারীদের জীবনযাপন, তাদের নৈতিকতা এবং শান্তিপ্রিয় আচরণ গভীরভাবে আকৃষ্ট করেছিল তাকে। দীর্ঘ চিন্তাভাবনা এবং ইসলাম ধর্মের ওপর পড়াশোনা করার পর তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ওমরাহ পালনের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাতেলেন সুজা বলেন, মক্কার পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে এসে যে প্রশান্তি আমি পেয়েছি, তা আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ইসলাম আমাকে অভ্যন্তরীণ শান্তি এবং জীবনের সঠিক দিশা দেখিয়েছে।

তার এই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত এবং ওমরাহ পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে মুসলিম ক্রীড়াপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সৌদির ক্লাব ফুটবলেও তার পারফরম্যান্সের পাশাপাশি তার এই নতুন আধ্যাত্মিক জীবন এখন ক্রীড়াঙ্গনে দারুণ প্রশংসিত হচ্ছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD