বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

কুড়িলে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, থমকে যান চলাচল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৪ am

রাজধানীর কুড়িল এলাকায় বেতন ও অন্যান্য প্রাপ্য দাবিতে রাস্তায় নেমেছেন ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে দুই পাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রায় ৫০০ শ্রমিক এ কর্মবিরতিতে অংশ নেন। তাদের অভিযোগ, সময়মতো বেতন ও ভাতা পরিশোধ না করায় তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলগামী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

এ বিষয়ে গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক মাধ্যমে একটি বার্তায় জানায়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট কমাতে বিকল্প রুট ব্যবহারেরও আহ্বান জানানো হয়েছে।

বিকল্প রুট নির্দেশনা:

১. খিলখেত থেকে মহাখালী বা বনানীর দিকে যেতে ফ্লাইওভার এড়িয়ে নিচের সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

২. রামপুরা থেকে কুড়িলমুখী যানবাহনকে বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ দিয়ে উত্তরা অভিমুখে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

৩. নতুন বাজার, গুলশান-২ হয়ে উত্তরে যাওয়া কিংবা বিপরীত দিক থেকে আসার ক্ষেত্রে কুড়াতলী, মহাখালী, কাকলী, আমতলী বা তেজগাঁও হয়ে গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলছিল এবং এ সময় রামপুরা-বাড্ডা-উত্তরা সড়কে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD