আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের সঙ্গে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করবে রশিদ খানের দল।
ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক, জায়গা হয়নি দুই অভিজ্ঞ তারকা মুজিব-উর-রহমান ও নাজিবউল্লাহ জাদরানের।
২৪ বছর বয়সী স্পিনার মুজিব-উর-রহমান ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও দলে জায়গা পাননি। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন মুজিব। এরপর ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শাপগিজায় ৯ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করলেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি তিনি।
অন্যদিকে, আফগানদের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি ব্যাটার নাজিবউল্লাহ জাদরানও জায়গা হারিয়েছেন। ১৩৭.৮০ স্ট্রাইকরেটে ১৮৩০ রান করা এই মারকুটে ব্যাটারকে উপেক্ষা করায় সমালোচনার মুখে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট।
ঘোষিত স্কোয়াড থেকে ১৫ বা ১৬ জনকে নিয়ে গঠিত হবে চূড়ান্ত দল, যা খেলবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং পরে এশিয়া কাপে অংশ নেবে। সেখানেও মুজিব ও নাজিবউল্লাহের ফেরার সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে।
এশিয়া কাপে আফগানিস্তানের সূচি:
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং
১৬ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা
নিয়মিত অধিনায়ক রশিদ খানের নেতৃত্বে গড়া এই স্কোয়াডে নতুন মুখদের পারফরম্যান্সেই নির্ভর করতে হবে আফগানিস্তানকে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে দল কেমন করে সেটাই এখন দেখার বিষয়।
আফগানিস্তানের প্রাথমিক স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবি, নাংগিয়াল খারোটি, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নূর আহমদ, ফজলহক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সেলিম সাফি, আবদুল্লাহ আহমাদজাই ও বশির আহমদ।