রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

৫ বছর পর মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৫:০৯ am

পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারো দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে।

এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালের ২৯শে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।

তিনি লেখেছিলেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকী প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।

২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ান যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মিজানুর রহমান আজহারী দেশ ছাড়ার আগে ২০২০ সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে। এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে। আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারীকে জামাতসংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল। সেই সময়ে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD