শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি খন্দকার মোশাররফের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ৯:২৭ am

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে।

শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে। অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।

বর্তমান সরকারকে দুর্বল ভেবে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বলে মন্তব্য করে তিনি বলেন, আবারও হাসিনাকে বাংলাদেশ বসিয়ে ছেলেখেলা করবে ভারত, যা জনগণ হতে দেবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের নিয়ে যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সব দল ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্র বিফলে যাবে।

নির্বাচনের নিয়ে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তারা সংস্কার ও বৈষম্য দূর করতে এসেছে। সরকারের মেয়াদ নির্ধারিত হওয়া জরুরি। সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ ষড়যন্ত্রের সুযোগ পাবে না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD