আগামী ৭ নভেম্বর ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিনটির গুরুত্ব ও ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে টানা ১০ দিনের কর্মসূচি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা করেন।
এর আগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরের সঠিক ইতিহাস জনগণের সামনে নিয়ে আসতে হবে। যারা গত ১৫ বছরে বিকৃত ইতিহাস পেয়েছে তাদের সামনে সেই সঠিক ইতিহাস তুলে ধরার জন্যই এবার আমরা এই দিনটি গুরুত্ব সহকারে পাল করব।
কর্মসূচিসমূহ হলো :
৬ নভেম্বর রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর স্থান পরে জানানো হবে।
৭ নভেম্বর ভোর ৬ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১০ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন। সেদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভাগীয় শহরের একই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
৮ নভেম্বর বিকেল তিনটায় রাজধানী ও বিভাগীয় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের সাথে আলোচনা করে জেলাগুলোতে এ কর্মসূচি অনুষ্ঠিত করবে।
এছাড়া দিবসটি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনগুলো কেন্দ্রের সাথে পরামর্শক্রমে নিজ নিজ উদ্যোগে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের অধীন মহানগর ও জেলা সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক / সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।