মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিলে ভাসছিল কাউন্সিলরের নিথর দেহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ

নওগাঁর পত্নীতলায় বিল থেকে মিজানুর রহমান (৪০) নামের এক কাউন্সিলরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে।

নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি মিজানুর রহমান। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তার স্ত্রী-সন্তানরা কেউই তার সঙ্গে থাকেন না। মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD