শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধের ফলে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে। এর ফলে রাস্তার চতুর্দিকে আটকা পড়েছে কয়েকশ গাড়ি। তৈরি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন সড়কে বের হওয়া মানুষজন।
রোববার (৭ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিট থেকে সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অবরোধের কারণে তৈরি হওয়া যানজটে অচল হয়ে পড়েছে পুরো নিউমার্কেট, নীলক্ষেত ও সায়েন্সল্যাবসহ আশপাশের পুরো এলাকা। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়ক, ধানমন্ডি এবং মোহাম্মদপুর থেকে সায়েন্সল্যাব অভিমুখের সব সড়কেই তৈরি হয়েছে তীব্র যানজট। সবগুলো সড়কেই আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। হঠাৎ সড়ক অবরোধের কারণে বাস, সিএনজি ও প্রাইভেটকারসহ অনেকেই ব্যক্তিগত যানবাহন নিয়ে আটকা পড়েছেন।
এইচএসসি পরীক্ষা শেষে মেয়েকে নিয়ে বাড়িতে ফিরতে ব্যক্তিগত গাড়িতে অপেক্ষমাণ রিতা পারভীন বলেন, ধানমন্ডি পর্যন্ত এই জ্যাম ছাড়িয়েছে। সাধারণ মানুষের খুবই ভোগান্তি হচ্ছে। দুপুর দুইটা থেকে রাস্তায় বসে আছি।
গাজীপুরগামী ভিআইপি বাসের চালক হামিদ বলেন, মামা কী হইছে কিছু বলতে পারি না। গাড়ি নিয়া ২ ঘণ্টা দাঁড়ায়া আছি। পেছনে গাড়ির সারি। ঘুরিয়ে চলে যাব সেই সুযোগও নাই।
যানজটে অতিষ্ঠ হয়ে অনেককেই বাস থেকে নেমে হেঁটেও গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনের সমাধান কী হবে কিংবা এই তীব্র যানজট কখন শেষ হবে এ বিষয়ে উপস্থিত পুলিশ কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি।