মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

অনিয়ম ধরতে সোজা স্কুলে হাজির এমপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

রাজশাহীর মোহনপুর উপজেলার একটি স্কুলের সংস্কার কাজের অনিয়ম ধরতে নিজেই স্কুলে ছুটে গেলেন সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদ।

শনিবার সকালে মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দেখতে যান তিনি। সেখানে অনিয়মের চিত্র তুলে ধরে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এই সংসদ সদস্য।

মোহনপুর এলজিইডি অফিসের তথ্য মতে, রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রায় ১৫ লাখ টাকার একটি বরাদ্দ দেওয়া হয়। এই কাজ পায় রাজশাহীর মেসার্স আলখাল্লা এন্টারপ্রাইজ। এরই মধ্যে তারা বিল তুলে নিলেও কাজ শেষ হয়নি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মেসার্স আলখাল্লাকে দেওয়া টাইলস, রং, থাই গ্লাস ও স্টেজ নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু তিন মাস না যেতেই রং নষ্ট হয়ে গেছে। দেয়ালে ধরেছে ময়লা। ময়লার উপরে দেওয়া হয়েছে রং। এছাড়া মূল গেটে রং করার কথা থাকলেও সেটি পুরোপুরি করা হয়নি। এরপরও প্রধান শিক্ষক ঠিকাদরের সব কাজ বুঝে নিয়েছেন। এখন তিনি তোপের মুখে পড়েছেন।

সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, প্রতিষ্ঠানপ্রধান বা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন তারা যদি কাজগুলো ঠিকভাবে বুঝে না নেন তাহলে আমি মনে করব ঠিকাদারের সঙ্গে তাদের যোগসাজশ আছে। অথবা না বুঝেই করেছেন। এটার দায়-দায়িত্বতো তাদেরই নিতে হবে। যারা কাজ করেছেন তাদের ডাকা হবে। এ সমস্যার সমাধান হতে হবে।

তিনি বলেন, আমি জনপ্রতিনিধি। এগুলো দেখভাল করার দায়িত্ব আমারও। একটি প্রতিষ্ঠান দেখলেই বোঝা যায়। অন্য প্রতিষ্ঠানগুলোও সচেতন হবে। বিদ্যালয় ভবনগুলো চকচকে থাকবে। এতে শিক্ষার্থীদের মন ভালো হবে। এখানে অনিয়ম দেখেছি। এগুলো ঠিক করতে বলেছি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এটি মানুষের কষ্টার্জিত টাকা। এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. ইমন বলেন, আমরা নিয়মমাফিক প্রতিষ্ঠানের কাজ করেছি। তারপরও যদি অভিযোগ থাকে ইঞ্জিনিয়ার আছে। তিনি যাবেন কাজের সমস্যা হলে আবারও কাজ করে দেওয়া হবে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাহিদুজ্জামান বলেন, কাজ আমি করিনি। ইঞ্জিনিয়ার যেভাবে আমাকে দেখিয়ে দিয়েছেন আমি সেভাবে বুঝে নিয়েছি। আমি কাজের কিছু বুঝি না। বারবার রঙের বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু সমাধান হয়নি।

এ বিষয়ে জানতে মোহনপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোসা. নুরনাহারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, এমপি স্যার একটি অভিযোগ নিয়ে স্কুলে গিয়েছিলেন। আমরাও দেখেছি। এটি ইউএনও স্যার তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন। তিনি এখন ছুটিতে আছেন। তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD