ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে এই নাশকতার ঘটনা ঘটে। আগুনে বাস দুটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শনিবার ভোরে হঠাৎ করেই আশুলিয়ার ব্যস্ততম নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পান স্থানীয় পথচারীরা। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং বাসের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাস দুটির বেশিরভাগ অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
এই আকস্মিক নাশকতার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা দল যৌথভাবে অভিযান শুরু করেছে। মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে এবং এ ধরণের সহিংসতা রোধে পুলিশি টহল আরও বাড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষে কোনো কুচক্রী মহল এই নাশকতা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি