দীর্ঘদিন বহিষ্কৃত থাকার পর অবশেষে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাকে দল থেকে বহিষ্কার করা হলেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় যে, দলের দুর্দিনে রাজপথের লড়াকু সৈনিকদের সক্রিয় উপস্থিতি সংগঠনের ভিতকে আরও মজবুত করবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়কের পাশাপাশি কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আরও নয় জন নেতা এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের একজন নেতার বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছেন এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকায় আনন্দ মিছিল করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা বা বহিষ্কৃত থাকা নেতাদের পুনরায় দলে ফিরিয়ে আনার মাধ্যমে তৃণমূল বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবেই এই ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি