বাংলাদেশে কার্যক্রম কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখা গেছে। গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এবং ২৫ নভেম্বর ত্রিপুরার আগরতলার কাছে আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন তারা। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থানরত এসব নেতার গতিবিধি নিয়ে নানামুখী আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা কিংবা দেশত্যাগ করতে বাধ্য হওয়া বেশ কিছু নেতাকর্মী সীমান্ত অঞ্চলে জড়ো হচ্ছেন। তারা সেখানে বসে দেশের ভেতরকার রাজনৈতিক পরিস্থিতি পুনরুজ্জীবিত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং ভারত থেকে বিভিন্ন ধরনের কৌশলগত পরিকল্পনা করছেন বলে জানা গেছে। সীমান্ত এলাকায় তাদের এই উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, দেশের অভ্যন্তরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ায় তারা এখন বিদেশি প্রভুদের সহায়তায় নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি