প্রবাসী বাংলাদেশিদের মৃতদেহ দেশে নিয়ে আসার ক্ষেত্রে বিমান ভাড়ার ৫০ শতাংশ খরচ সরকারিভাবে বহনের একটি যুগোপযোগী ও জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ পরিবারের কাছে পৌঁছানো এবং তাদের স্বজনদের আর্থিক সংকট লাঘবের বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের লাশ বিনা খরচে বা কম খরচে দেশে আনার দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা ও তাদের স্বজনরা। সেই দাবির প্রতি সম্মান জানিয়ে এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ থেকে এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুব দ্রুতই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং সেখানে আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশা করা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, দেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য। অথচ বহু প্রবাসী কর্মী বিদেশে মারা যাওয়ার পর তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়ায়, যা শোকার্ত পরিবারের জন্য একটি বড় আর্থিক বোঝা হয়ে দেখা দেয়। সরকারের এই নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে হতদরিদ্র ও সাধারণ প্রবাসীদের পরিবারগুলোর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে এবং প্রবাসীদের প্রতি রাষ্ট্রের সহানুভূতিশীল রূপ আরও বেশি ফুটে উঠবে। মন্ত্রিসভায় অনুমোদনের পরই এই সেবামূলক কার্যক্রমের সুনির্দিষ্ট প্রক্রিয়া ও নীতিমালা দেশবাসীর সামনে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি