মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ‘খুনির বাড়ি’ উল্লেখ করে ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে বিক্ষোভ করেছেন একদল বিক্ষুব্ধ ব্যক্তি ও গুমের শিকার পরিবারগুলোর সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে নগরের বৈদ্যপাড়া এলাকায় ওই ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা জানান, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম ও বিচারবহির্ভূত হত্যার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন এই জিয়াউল আহসান। তার অপরাধের বিচার নিশ্চিত করার দাবিতে এবং তার প্রতি ঘৃণা প্রকাশের জন্যই এই অভিনব প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গুমের শিকার পরিবারের সদস্যরা অবিলম্বে তার কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদের দোসরদের সম্পত্তি ও বাসভবনে এ ধরনের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি নিয়মিত দেখা যাচ্ছে। বিগত সরকারের আমলে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে। স্থানীয় সচেতন মহল এবং গুমের শিকার পরিবারের সদস্যদের এই আন্দোলন দেশের বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে বড় ভূমিকা রাখছে বলে সাংবাদিকদের জানান অংশগ্রহণকারীরা।
আরববাংলা টিভি