চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কার্যত নিষিদ্ধ আওয়ামী কৃষক লীগ নেতা নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা একজনকে রাজশাহী থেকে আটক করেছে র্যাব-৫। ঘটনার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছিলেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল কবীর নুরুল। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ঘটনার সাথে সরাসরি জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ককটেল তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই এক কৃষক লীগ নেতা নিহত হন এবং গুরুতর আহত হন নাজমুল কবীর নুরুল। বিস্ফোরণের পরপরই নিজেদের রাজনৈতিক পরিচয় ও অপরাধ ঢাকতে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আত্মগোপনে চলে যান রাজশাহীতে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত নুরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরববাংলা টিভি