বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে স্বাধীনভাবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী মাহদী আমিন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন শ্রমবান্ধব নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মপরিবেশ সুরক্ষায় অত্যন্ত আন্তরিক। তিনি শ্রমিকদের কল্যাণে মোট সাতটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন, যা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলো কাজ করে যাচ্ছে। এই নির্দেশনার মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি সময়মতো পরিশোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং প্রবাসীদের অধিকার সুরক্ষা।
তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে শ্রমিকদের অধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হয়েছে। তৎকালীন সময়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্যাতন চালানো হতো এবং তাদের ন্যায্য দাবি আ আদায়ে বাধা দেওয়া হতো। অন্যদিকে, বর্তমান প্রশাসন শ্রমিকদের অধিকার রক্ষায় আপসহীন মনোভাব নিয়ে কাজ করছে।
বিশেষ সহকারী বলেন, দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান অনস্বীকার্য। তাই এই খাতের শ্রমিকদের সুরক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। পাশাপাশি, বিদেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করতে এবং তাদের যেকোনো সমস্যায় দ্রুত আইনি সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরববাংলা টিভি