শুকিয়ে গেছে ভারতের উজান থেকে নেমে আসা বরফগলা তিস্তার বুক। বর্ষায় রাক্ষুসে নদী, শুকনায় কঙ্কালসার। এখন মরা নদীর মতো হয়ে পড়েছে কোটি মানুষের নির্ভরশীলতা উত্তরের প্রাণ তিস্তা। কয়েক যুগ আগেও যে নদীর গর্জনে ভয় পেত মানুষ। সেই নদী এখন মরা গাঙে পরিণত হয়েছে। ব্যারাজের সবকটি গেট বন্ধ করেও পানি পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। শুধু তিস্তা নয়, এর সাথে যুক্ত উত্তরবঙ্গের প্রায় ১৩টি নদীই আজ অস্তিত্ব সংকটে ভুগছে। এক সময়ের খরস্রোতা এসব নদী পলি জমে এবং ভারত থেকে পানিপ্রবাহ কমে যাওয়ায় আজ মরা খালে রূপ নিয়েছে। ফলে উত্তর অঞ্চলের কৃষিকাজ, মৎস্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। শুষ্ক মৌসুম আসতেই এই অঞ্চলের নদীগুলোর বুক ফেটে চড়াচড় হয়ে যায়। স্থানীয় কৃষকরা জানান, সেচ সুবিধার অভাবে বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাওয়ায় নলকূপে পানি উঠছে না। পরিবেশবিদরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে জোরালো কূটনৈতিক পদক্ষেপ না নিলে এই জনপদ একসময় মরুভূমিতে পরিণত হতে পারে। স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞরা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি