প্রতিবেশী দেশ বাহরাইনে ফের সামরিক আগ্রাসন চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। শনিবার দিবাগত রাতে নিক্ষিপ্ত ইরানি ড্রোনের আঘাতে বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ বেসামরিক শিল্প স্থাপনায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে যা পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিভিন্ন পোস্ট এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তবে এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কি না কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কী পরিমাণ, সে বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে যেভাবে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে, তারই ধারাবাহিকতা এই ড্রোন হামলা। এই ধরনের সামরিক পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেওয়া হচ্ছে।
আরববাংলা টিভি