সন্তানকে সুস্থ জীবনে ফেরানোর এক কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন এক দম্পতি। দীর্ঘদিনের মাদকাসক্তির অভিশাপ থেকে সন্তানকে মুক্ত করার শেষ চেষ্টা হিসেবে নিজিেরর মাদকাসক্ত ছেলেকেই আইনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। দেশের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই ঘটনাটি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এলাকার সাধারণ মানুষের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম সেলিম হাওলাদার (২২)। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই নিজ বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শুধু তাই নয়, নেশার মোহে তিনি প্রতিবেশীদের সঙ্গেও অসদাচরণ করতেন এবং প্রায়ই ঘরের দামি আসবাবপত্র ভাঙচুর করতেন। পরিবারের পক্ষ থেকে তাকে বহুবার সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। উল্টো দিন দিন তার উগ্র আচরণ আরও বাড়তে থাকে।
পরিবারের শান্তি ও সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে অবশেষে বাধ্য হয়ে তার বাবা-মা এই কঠোর পদক্ষেপ নেন। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। বিচার প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সন্তানদের মাদকের হাত থেকে বাঁচাতে সমাজের প্রতিটি অভিভাবকেরই এমন সাহসী ভূমিকা পালন করা উচিত। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এমন উদ্যোগ সবসময় প্রশংসনীয় এবং মাদক নির্মূলে এ ধরনের সচেতনতা অত্যন্ত জরুরি।
আরববাংলা টিভি