বরিশালের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজের বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল ও তার ওপর হামলার অভিযোগ তুলে সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় অন্তু বিশ্বাসের ওপর হামলা চালানো হয়েছে এবং তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও অগণতান্ত্রিক। অবিলম্বে তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম ও নিপীড়নমূলক আচরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। দেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামীতে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের দমনপীড়ন চালানো হলে তা তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব পুনর্বহাল না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
আরববাংলা টিভি