আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমাকে রণক্ষেত্র হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে ইয়েমেনের হুথিরা। একই সঙ্গে দেশটির বন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি। আঞ্চলিক ভূরাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই এই চরম হুঁশিয়ারি সামনে এলো, যা মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে তীব্র বিমান হামলা চালানোর কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই হামলা এবং পাল্টা হুমকির ঘটনায় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধের বাতাশ বইতে শুরু করেছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে তা সমগ্র অঞ্চলে এক দীর্ঘমেয়াদী সংকটের সৃষ্টি করতে পারে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেন সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় লোহিত সাগর ও এর আশেপাশের আকাশপথ প্রতিনিয়ত অস্থিতিশীল হয়ে উঠছে। সৌদি আরব এবং ইয়েমেনি হুথিদের মধ্যকার এই সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক জাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি।
আরববাংলা টিভি