কোনো পরাজিত, পতিত, পলাতক ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে শোষণ ও বৈষম্যের শিকার হয়েছে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এখন একটি নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি উগ্রবাদ ও ফ্যাসিবাদী শক্তির জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। জনগণের অধিকার হরণকারী এবং গণতন্ত্রের কবর রচনাকারী কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ আর কখনো এ দেশের রাজনীতিতে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। অতীতে যারা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সেই অপশক্তির দোসরদের বাংলার মানুষ আর কখনো ক্ষমা করবে না। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতারা উপস্থিত থেকে দেশের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
আরববাংলা টিভি