সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এই রহস্যজনক আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে স্থানীয় এলাকাবাসীর তাৎক্ষণিক ও সাহসিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
ঘটনার দিন রাতে হঠাৎ করেই ব্যাংক ভবনের নিচতলায় আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আশপাশের মানুষ এগিয়ে আসেন এবং বালু ও পানি ঢেলে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। গ্রামীণ ব্যাংকের এই শাখার নিরাপত্তা জোরদার করার দাবিও জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি