দেশের জেলায় জেলায় এবং প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের জোরালো প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, দেশজুড়ে জনগণের অধিকার সুরক্ষা এবং যেকোনো ধরনের অপশক্তি রুখে দিতে স্থানীয় পর্যায়ে সুদৃঢ় প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
একই সঙ্গে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ভূত ও অভিযুক্ত কর্মকর্তাদের কেবল বদলি না করে খুঁজে বের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে যেসব দোসর ও সুবিধাভোগী ঘাপটি মেরে বসে আছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার ওপর বিশেষ জোর দেন ব্যারিস্টার নাজিবুর রহমান।
তিনি আরও উল্লেখ করেন যে, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সব দোসরদের যেকোনো ধরনের গোপন তৎপরতা রোধে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটধিকার ও বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে প্রশাসনকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য।
আরববাংলা টিভি