খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং পরিবেশ সুরক্ষায় কোনো ধরনের শর্ত ছাড়াই আন্তর্জাতিক ও দেশীয় তহবিল থেকে অর্থায়নের জোরালো দাবি জানানো হয়েছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে একটি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। বেসরকারি সংস্থা সিডব্লিউড এর সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা আরও উল্লেখ করেন যে, জলবায়ু তহবিলের নামে বিভিন্ন জটিল শর্ত জুড়ে দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে এক প্রকার প্রহসন করা হচ্ছে। অবিলম্বে এসব জটিল শর্ত প্রত্যাহার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের আহ্বান জানান তারা।
পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে পরিবেশ ও কৃষি খাতের উন্নয়নে নানা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছিল, যার ফলে আজকের এই চরম পরিণতি ভোগ করতে হচ্ছে। মূলত জনগণের মৌলিক অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন, যেখানে টেকসই কৃষি নীতি প্রণয়ন এবং কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা চালুর দাবি জানানো হয়। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। পরিশেষে, একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার শপথ নেওয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।
আরববাংলা টিভি