রেস্তোরাঁর টেবিলে বিল পরিশোধ, দোকানে কেনাকাটা, পার্কিং ফি দেওয়া কিংবা কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ। বর্তমানে দৈনন্দিন জীবনের নানা কাজে অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোডটি স্ক্যান করলেই মুহূর্তে খুলে যায় নির্দিষ্ট ওয়েবসাইট, পেমেন্ট পেজ কিংবা প্রয়োজনীয় তথ্য। তবে প্রযুক্তির এই সহজলভ্যতার আড়ালে সাইবার অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে, যা সাধারণ মানুষের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা গণমাধ্যমকে জানান, প্রতারকরা এখন সাধারণ কিউআর কোডের ওপরে নিজেদের তৈরি ক্ষতিকর বা ফিশিং কিউআর কোড স্টিকার লাগিয়ে দিচ্ছে। না বুঝে কেউ সেই কোড স্ক্যান করলেই তার ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের গোপনীয় পিন কোড চলে যাচ্ছে হ্যাকারদের কবলে। এর ফলে মুহূর্তেই সর্বস্বান্ত হচ্ছেন অজস্র মানুষ। শুধু তাই নয়, ক্ষতিকর লিংকের মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার ইনস্টল করে ডিভাইসটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার মতো ঘটনাও ঘটছে।
নিরাপত্তার স্বার্থে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে কোনো কিউআর কোড স্ক্যান করার আগে এর সত্যতা যাচাই করা উচিত। বিশেষ করে পেমেন্ট করার ক্ষেত্রে কোডের ওপর কোনো জালিয়াতির বা ওভারলে করা স্টিকার আছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে দেখা অত্যন্ত জরুরি। যেকোনো অপরিচিত বা সন্দেহজনক কোড স্ক্যান করা থেকে বিরত থাকলে বড় ধরনের সাইবার বিপদ এড়ানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি