সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে একাধিক হত্যা মামলার আসামি সেলিম ওসমানকে ধরতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা রয়েছে সেলিম ওসমানের বিরুদ্ধে। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রভাবশালী এই রাজনৈতিক পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান শনাক্ত করতে দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেলিম ওসমানের সম্ভাব্য ঠিকানায় এই অভিযান চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযের পাশাপাশি কার্যকরভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অন্যান্য পলাতক নেতাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বিগত রাজনৈতিক সরকারের আমলে নারায়ণগঞ্জ অঞ্চলে এই পরিবারের ব্যাপক প্রভাব ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিগত স্বৈরাচারী আমলের অপরাধের বিচার নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি