আপা আপা করিস না, তোদের আপা আইবো না স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে মহানগরীতে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী এই মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের এই শক্ত অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত গভীর হওয়ার সাথে সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুখে বিভিন্ন স্লোগান শোনা যায়। তারা স্বৈরাচারী শক্তির দোসরদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেন এবং জনগণের অধিকার রক্ষায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোর গোপন তৎপরতা রুখে দিতে রাজপথে সোচ্চার রয়েছে জাতীয়তাবাদী শক্তি। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান প্রক্রিয়াকে বেগবান করতে রংপুর মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতারা।
আরববাংলা টিভি