ইসরাইলি পুলিশের হেফাজত থেকে পাঁচ দিন পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক ও রাজনৈতিক অধিকারকর্মী আবেদ আবু শেহাদেহ। দীর্ঘ পাঁচ দিন বেআইনিভাবে আটক থাকার পর পেতাহ তিকভা পুলিশ স্টেশন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এই মুক্তি ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী ও অধিকারকর্মীদের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ইসরাইলি নিপীড়নের শিকার হয়ে আসছেন।
মুক্তির পর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবু শেহাদেহ তার গ্রেপ্তারকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তিনি দৃঢ় কন্ঠে জানান, এই ধরনের দমনপীড়ন চালিয়ে ফিলিস্তিনিদের সত্য প্রকাশের পথ থেকে সরিয়ে রাখা যাবে না। তিনি আরও বলেন, ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি এবং ফিলিস্তিনের অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সাংবাদিকদের ওপর এমন নির্বিচার গ্রেপ্তার এবং হয়রানির ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। ইসরাইলি কতৃপক্ষের এ ধরনের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংগঠন ও মানবাধিকার সংস্থা। আবু শেহাদেহর মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও, পেশাগত দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা এখনও কাটেনি।
আরববাংলা টিভি