হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে পরিচালিত বিশেষ অভিযানে ৯০ পিস ই-সিগারেট, ১৬৬ কার্টন বিদেশি সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শুল ফাঁকি দিয়ে এসব নিষিদ্ধ ও বিলাসবহুল পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে, যার ফলেই এই ধারাবাহিক অভিযান সফল হচ্ছে। জব্দকৃত পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জাতীয় অর্থনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিমানবন্দরগুলোতে চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা আগামীতেও একইভাবে অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি