সৌদি আরবজুড়ে এক সপ্তাহের বিশেষ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা রেকর্ড করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে দেশটির বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যৌথভাবে অংশ নেয়। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এই জোরালো পদক্ষেপে মোট ৯ হাজার ৫২৩ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ২০৩ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩৩৯ জন আবাসন আইন, ১ হাজার ২০৪ জন শ্রম আইন এবং ১ হাজার ৬৬০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করেছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছেন ১ হাজার ৬৪ জন, যার এক বড় অংশই ইয়েমেন ও ইথিওপিয়ার সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়া সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টার সময় আরও ৪৬ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনে সহায়তা করার অপরাধে নতুন করে ৭৪ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। বর্তমানে প্রায় ২২ হাজার ৯২৭ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে ২১ হাজার ২৩৬ জন পুরুষ এবং ১ হাজার ৬৯১ জন নারী অভিবাসী। সৌদির আইন অনুযায়ী, অবৈধভাবে প্রবেশে সহায়তাকারী বা পরিবহন ও আশ্রয়দানকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির শ্রমবাজারের শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি