গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের সামরিক অভিযান বন্ধ এবং বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২২টি দেশের ১১০টি বন্দরে ধর্মঘটের ডাক দিয়েছেন ডক ও বন্দর শ্রমিকরা। পাঁচ মহাদেশের ২৫টিরও বেশি শ্রমিক ইউনিয়নের অংশগ্রহণে ৩০ অক্টোবর শুক্রবার পালিত হচ্ছে আন্তর্জাতিক ডক ও বন্দর শ্রমিকদের এই সংহতি কর্মসূচি। বিশ্বজুড়ে যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শ্রমিক সমাজের এই জোরালো অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘ সময় ধরে চলা সংঘাত এবং নিরীহ মানুষের ওপর চালানো নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসীর ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের শ্রমিক সংগঠনগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। বন্দরগুলোতে পণ্য খালাস ও পরিবহন বন্ধ রাখার মাধ্যমে তারা বিশ্ব মোড়লদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, যাতে অবিলম্বে এই রক্তক্ষয় বন্ধ হয়।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, শ্রমিকদের এই ধরনের বৈশ্বিক ধর্মঘট কেবল অর্থনৈতিক কার্যক্রমকেই ব্যাহত করছে না, বরং এটি যুদ্ধবিরোধী জনমত গঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা গণমাধ্যমকে জানান, ফিলিস্তিনের মজলুম জনগণের পক্ষে তাদের এই আন্দোলন লড়াইয়েরই একটি অংশ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের সংহতি ও প্রতিবাদ অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক