ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে তার নেতৃত্বাধীন শাসকজোটের আসন সংখ্যা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সম্প্রতি নেতানিয়াহুর জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কট্টরপন্থি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম বা ইউটিজে। এই ঘটনাকে নেতানিয়াহুর বর্তমান সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের মোট আসনসংখ্যা ১২০। সরকার গঠন করতে হলে যেকোনো দল বা জোটকে জাদুকরী সংখ্যা ৬১টি আসন অর্জন করতে হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় কোনো একক দল বা জোটই এককভাবে এই আসন সংখ্যা অর্জন করতে পারেনি। লিকুদ পার্টির নেতৃত্বে গঠিত বর্তমান শাসকজোট এর আগে ৫৩টি আসন নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৪৮টি আসন। এছাড়া, আরব মুসলিমদের দুটি সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ১৯টি আসনে জয়লাভ করে।
বিশ্লেষকদের মতে, কট্টরপন্থি দল ইউটিজে জোট ত্যাগ করায় নেতানিয়াহুর পক্ষে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে যেকোনো মুহূর্তে ইসরায়েলে রাজনৈতিক পটপরিবর্তন বা আগাম নির্বাচনের ঘোষণা আসতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই রাজনৈতিক অস্থিরতা তেল আবিবের অভ্যন্তরীণ রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি এখন নতুন কোনো কৌশল নিয়ে এগোতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক