গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাচগড়গড়িয়া এলাকায় সম্পূর্ণ অনুমোদনহীনভাবে গড়ে উঠেছে কয়লা তৈরির অবৈধ কারখানা। সেখানে ১৪টি বিশাল চুল্লি বসিয়ে নির্বিচারে কাঠ ও গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। গ্রামের জনবহুল এলাকার মাঝখানে এ ধরনের দূষণকারী কারখানা স্থাপন করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, চুল্লিগুলো থেকে প্রতিনিয়ত নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এর ফলে শিশু ও বয়স্ক মানুষের শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে। পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে অচিরেই এলাকার সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে এক বড় ধরনের পরিবেশগত বিপর্যয় নেমে আসবে। সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতার কারণেই এমন অবৈধ কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তাদের।
পরিবেশ রক্ষার স্বার্থে এবং অবৈধ এই কারখানার কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। স্থানীয় সচেতন মহল মনে করছে, কার্যকর পদক্ষেপ না নিলে এই অবৈধ কয়লা তৈরির কারখানাগুলো গ্রামের বাকি পরিবেশটুকুও চিরতরে নষ্ট করে ফেলবে।
আরববাংলা টিভি/ডেস্ক