সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ। এর অংশ হিসেবে অটোরিকশাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কিউআর কোড ব্যবহারের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি অটোরিকশার একটি ইউনিক ডিজিটাল পরিচিতি নিশ্চিত করা হবে, যা ট্রাফিক নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তেজগাঁও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের জানান, বর্তমান সময়ে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার ফলে প্রায়শই তীব্র যানজট ও দুর্ঘটনার সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার পাশাপাশি প্রযুক্তিগত সমাধানের কোনো বিকল্প নেই। কিউআর কোডযুক্ত স্টিকার অটোরিকশায় লাগিয়ে দেওয়ার ফলে গাড়ি ও চালকের সঠিক তথ্য খুব সহজেই ট্রাফিক পুলিশের ডাটাবেসে সংরক্ষিত থাকবে। এর ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট বাহনটিকে শনাক্ত করা সম্ভব হবে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ খাতের বিশৃঙ্খলা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা মহানগরীর সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা। খুব শীঘ্রই তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতাধীন এলাকায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে পুরো রাজধানীতে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক