বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, একজন মুমিন হিসেবে পরিচয় দিতে হলে নিজের ভুল-ত্রুটি উপলব্ধি করতে শিখতে হবে। প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর সন্তুষ্টিকে জীবনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এ জন্য নিয়মিত আত্মসমালোচনা এবং খোদাভীতির চর্চা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার বিকল্প নেই। সমাজে ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি মানুষকে নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, ইসলাম মানবকল্যাণের ধর্ম। তাই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিল এবং সেই দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়েছিল। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা অতীতে দেশে যেভাবে জুলুম-নির্যাতন চালিয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে সবাইকে ভবিষ্যতে সজাগ থাকতে হবে।
তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
আরববাংলা টিভি/ডেস্ক