সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি গণমাধ্যমকে জানান, নাসরুল্লাহ ভাইয়ের হাসিমাখা মুখ এখনো তাঁর চোখে ভাসে এবং তাঁর এই চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসাসহ দেশের বিভিন্ন কওমি মাদরাসায় অত্যন্ত সুনামের সঙ্গে দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তাঁর মৃদুভাষী আচরণ ও কর্মতৎপরতা সবার মনে দাগ কেটেছিল। প্রবাসের মাটিতেও তিনি ইসলামের সুমহান বাণী প্রচার এবং প্রবাসীদের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে ওলামা সমাজ গভীরভাবে শোকাহত।
এদিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা। তাঁরা প্রবাসে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহত মুফতি নাসরুল্লাহ বদরের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অনেক আলেম-ওলামা এবং ধর্মীয় ব্যক্তিত্বের ওপর নানা ধরনের দমনপীড়ন চালানো হয়েছিল। তৎকালীন সময়ে দেশের ভেতরে এবং বাইরে আলেম সমাজের ওপর বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক