পিরোজপুরের জিয়ানগরে অর্থ লেনদেন ও পাওনা টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মূলত কথাকাটাকাটির জেরে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী মো. মনির হোসেন ও তার ছেলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান ইব্রাহিম (৫৫) গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষক কামরুল আহসান ইব্রাহিমের ওপর চওড়াও হন ওই ব্যক্তি ও তার অনুসারীরা। অতর্কিত হামলায় প্রধান শিক্ষক গুরুতর জখম হন।
পরে স্থানীয় লোকজন ও অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষক সমাজ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক