চট্টগ্রামের পটিয়ায় স্থানীয় দুই ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে প্রায় ৩০ পরিবারের দুর্ভোগ চরমে পৌঁছেছে। উপজেলার আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত দুটি গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথটি বর্তমানে তিনটি নড়বড়ে সাঁকোয় বন্দি হয়ে আছে। বছরের দীর্ঘ ছয় মাস এই এলাকায় হাঁটুপানি জমে থাকে, যার ফলে চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান পেতে একাধিকবার স্থানীয় প্রশাসনের দারস্থ হলেও সুনির্দিষ্ট কোনো উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার নাজুক অবস্থার শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ার কারণে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক ও রোগীরা মারাত্মক বিপাকে পড়েন। জনপ্রতিনিধিরা নিজেদের সীমানা নির্ধারণ এবং উন্নয়নের দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপিয়ে আসছেন, যার ফলে ভুক্তভোগী সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটছে না। এলাকার সচেতন মহল অবিলম্বে এই অচলাবস্থা নিরসন করে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক