চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাওলানা জহিরুল ইসলাম বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে বাঁশখালীর সুনাম ও ঐতিহ্যকে কলঙ্কিত করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের চক্রান্ত বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিগত দিনেও বাঁশখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল এবং ভবিষ্যতেও তা অটুট রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সচেষ্ট থাকতে হবে। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও নৈতিক দায়িত্ব। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরহস্তে দমন করা হবে এবং এ ব্যাপারে স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক