চট্টগ্রামের বাঁশখালীতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় রিটা সোলতানা নামের কুড়ি বছর বয়সী এক ডেঙ্গুরোগী গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাসেবার নামে এমন অপচিকিৎসা ও অবহেলার ঘটনা রোধে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক। তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি আমাদের নজরে আসায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় এক হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হন। সেখানে ভুল চিকিৎসা ও অপূর্ণাঙ্গ ব্যবস্থাপত্রের কারণে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সাধারণ মানুষকে হাতুড়ে ডাক্তার ও অপচিকিৎসা থেকে দূরে থাকার পরামর্শ দিলেও প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের ঘটনা থামছে না।
আরববাংলা টিভি/ডেস্ক